লেটেস্ট নিউজ

ভোটের ময়দান ছেড়ে কেন অফিসেই ব্যস্ত ইটাহারের বাম প্রার্থী? জানুন আসল কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইটাহার বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে সুদীপ্ত দাসের নাম ঘোষণার এক সপ্তাহ কেটে গেলেও এখনও শুরু হয়নি জোরদার প্রচার। তৃণমূল ও বিজেপি প্রার্থীরা মিছিলে ও বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত থাকলেও, সিপিআই প্রার্থী সুদীপ্তবাবুকে দেখা গেল কলেজের কর্মস্থলেই। ড. মেঘনাদ সাহা কলেজের লাইব্রেরি অ্যাটেনডেন্ট হিসেবে তিনি এখনও নিয়মিত অফিস করছেন এবং সহকর্মীদের সঙ্গে কাজে ব্যস্ত রয়েছেন।

প্রার্থীর অনুপস্থিতিতে বর্তমানে ছোট ছোট বৈঠক ও ডিজিটাল মাধ্যমে প্রচার চালাচ্ছেন বাম নেতা-কর্মীরা। প্রার্থীর দাবি, বামফ্রন্টের অভ্যন্তরীণ বৈঠক এখনও সম্পন্ন না হওয়ায় তিনি পুরোদমে প্রচারে নামতে পারছেন না। দলীয় বৈঠক মিটলেই তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। বর্তমানে সময় নষ্ট না করে তিনি অফিসের কাজ যতটা সম্ভব এগিয়ে রাখছেন বলে জানিয়েছেন।

এদিকে বামেদের এই ঢিলেমি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। বিজেপি প্রার্থী সবিতা বর্মন দাবি করেছেন, পরাজয় নিশ্চিত জেনেই বাম প্রার্থী ময়দান ছেড়ে অফিসে সময় কাটাচ্ছেন। অন্যদিকে, প্রার্থী ঘোষণা না হওয়ায় কংগ্রেস কর্মীরা এখনও ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তবে বামফ্রন্ট সূত্রের খবর, চলতি সপ্তাহেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরই প্রার্থীকে নিয়ে সর্বশক্তি দিয়ে ময়দানে নামবে বামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *