ভোটের মুখে উত্তপ্ত শীতলকুচি! গাড়ি থামাতেই বেরিয়ে এল বান্ডিল বান্ডিল নোট – এবেলা
এবেলা ডেস্কঃ
শীতলকুচি (পশ্চিমবঙ্গ): নির্বাচনের আগে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার কোচবিহারের শীতলকুচিতে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো ১৮ লক্ষ টাকা। বুধবার শীতলকুচি ব্লকের নতুন বাজার সংলগ্ন সিতাই-শীতলকুচি রাজ্য সড়কে তল্লাশি চালানোর সময় একটি লাল রঙের চার চাকার গাড়ি থেকে এই বিশাল পরিমাণ নগদ উদ্ধার করা হয়।
নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে চালানো এই অভিযানে উদ্ধার হওয়া টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি গাড়ির চালক। ফলে টাকাগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। জানা গেছে, গাড়িটি গোসাইঘাট থেকে দিনহাটার দিকে যাচ্ছিল। টাকার উৎস এবং এই বিপুল পরিমাণ অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
শীতলকুচি থানার ওসি এন্টনি হরো এবং নির্বাচন কমিশনের আধিকারিক সৌভিক মিত্রের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে। এর আগে কলকাতা এবং বাংলা-আসাম সীমান্তেও লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনের মুখে কালো টাকার ব্যবহার রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

