ভোটের মুখে ‘খয়রাতি’র রাজনীতি নিয়ে কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের
ভোটের আগে রাজনৈতিক দলগুলোর বিনামূল্যে চাল, স্কুটি বা নগদ টাকা দেওয়ার হিড়িক নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানান, অভাবীদের সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য হলেও, বাছবিচারহীনভাবে সবাইকে বিনামূল্যে পরিষেবা দেওয়া আসলে ‘তোষণের রাজনীতি’। সক্ষম ও অক্ষমের মধ্যে পার্থক্য না রেখে জনদরদি প্রকল্পের নামে রাজকোষের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের অধিকাংশ রাজ্য রাজস্ব ঘাটতিতে ভুগলেও উন্নয়নমূলক কাজের পরিবর্তে করদাতাদের টাকা বিলানো হচ্ছে। হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি খাতে বিনিয়োগ না করে কেবল ভোটের স্বার্থে এমন ‘উপহার’ সংস্কৃতি আর্থিক বিশৃঙ্খলা তৈরি করছে। বিচারপতিরা জানান, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ফলে মানুষের কর্মস্পৃহা কমছে, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে বড় অন্তরায়।
পরিকল্পিত বাজেটের বাইরে হুটহাট ভর্তুকি দেওয়াকে ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে উল্লেখ করেছে আদালত। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্যগুলো কেন রাজনৈতিক দূরদর্শিতা না দেখিয়ে কেবল নির্বাচনের আগে সম্পদ বিলিয়ে দিচ্ছে? এই প্রবণতা বন্ধে কেন্দ্রকে নোটিশ জারি করা হয়েছে। আদালত সাফ জানিয়েছে, উন্নয়নের টাকা খয়রাতিতে খরচ হওয়ায় সাধারণ মানুষ উন্নত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং জাতীয় সম্পদের অপচয় ঘটছে।

