ভোটের মুখে বঙ্গে এসআইআর জট কাটছে, ৬ এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা

পশ্চিমবঙ্গে ‘সংশোধিত নির্বাচনী তালিকা’ বা এসআইআর মামলার শুনানিতে বুধবার বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিল রাতের মধ্যেই সমস্ত ‘বিবেচনাধীন’ তালিকা যাচাইয়ের কাজ সম্পন্ন হবে। এদিন শুনানি চলাকালীন বাংলার এসআইআর প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, অন্যান্য রাজ্যে প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গে কেন বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে প্রথম দফার ভোটের আগে সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে গতিশীল করতে ট্রাইব্যুনালে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই ট্রাইব্যুনালের কাজ পুরোদমে শুরু হবে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাঁদের নাম বাদ যাবে, তাঁরা আপিল ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। এই লক্ষ্যে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রতিটি ট্রাইব্যুনালের জন্য নির্দিষ্ট স্থান ও এলাকাও নির্ধারণ করে দিয়েছে কমিশন।
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চকে কমিশন আরও জানায়, জেলাভিত্তিক দায়িত্ব পালনের জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতির নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগণার দায়িত্ব সামলাবেন প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এছাড়া প্রাক্তন বিচারপতি তপেন সেন পূর্ব মেদিনীপুর, প্রণব কুমার দেব কোচবিহার এবং রঞ্জিত কুমার বাগ দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব পেয়েছেন। কমিশন আশ্বস্ত করেছে যে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে এবং সমস্ত আইনি দিক খতিয়ে দেখে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করা হবে।
