ভোটের ৫ দিন আগেই বাংলার দখল নিচ্ছে কমিশন! আধা সেনার হাতেই কি তবে কুর্সি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের ৫ দিন আগে থেকেই বাংলায় ‘অঘোষিত’ রাষ্ট্রপতি শাসন জারির পথে হাঁটা দিচ্ছে নির্বাচন কমিশন। থানার ক্ষমতা কেড়ে নিয়ে এবার সরাসরি আধা সেনার হাতেই চলে যাচ্ছে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার ভার। পুলিশ কেবল কেস ডায়েরি লিখবে, আর বুথের লাইনের দেখভাল করবে বিএলও ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তেমনই ইঙ্গিত দিয়েছেন।
পাশাপাশি প্রার্থীদের জন্য সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কড়া বিধি জারি হয়েছে। এবার থেকে হলফনামায় জানাতে হবে কার কতগুলি স্বীকৃত অ্যাকাউন্ট রয়েছে। এমনকি ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে গেলেও নিতে হবে ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’র আগাম অনুমতি। অনুমোদনহীন যেকোনো প্রচারই এখন থেকে নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে।
অন্যদিকে জানা গেছে, চলতি মাসেই রাজ্যে আসছে আরও ২ হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই প্রথম দফার অতিরিক্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে। ভোটের মুখে ভুয়ো খবর রুখতে এবং ‘পেইড নিউজ’ ধরতে এবার সমাজমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গেও বিশেষ বৈঠক সেরেছে কমিশন। সব মিলিয়ে ভোটের আগেই কার্যত নজিরবিহীন কড়াকড়িতে মুড়ে ফেলা হচ্ছে গোটা বাংলাকে।

