ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বঙ্গ সফরে নীতীন নবীন, কলকাতায় রোড শো করবেন মোদি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ও সাংগঠনিক শক্তি যাচাই করতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে এই সফরে তিনি রাজ্যের পাঁচটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠকে বসবেন। নিচু তলার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে দলের রণকৌশল চূড়ান্ত করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে।
দলীয় সূত্রের খবর, নীতীন নবীনের সফরের পরেই রাজ্যে প্রচারের ঝাঁজ বাড়াতে ময়দানে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের মাঝে উত্তর কলকাতায় একটি মেগা রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভাগ সবুজ সংকেত দিলেই ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে এই কর্মসূচি পালিত হবে। এছাড়া শিলিগুড়ি বা দুর্গাপুরের মতো শহরেও রোড শো হতে পারে।
নির্বাচনী বৈতরণী পার হতে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিশেষ জোর দিচ্ছে। আগামী দেড় মাসে রাজ্যে অন্তত দশটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। মোদির পাশাপাশি অমিত শাহ এবং বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও প্রচারে অংশ নেবেন। প্রতিটি সাংগঠনিক জোনে অন্তত একটি করে কেন্দ্রীয় হেভিওয়েট সমাবেশ নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির, যা তৃণমূলের গড় পুনর্দখলে বাড়তি অক্সিজেন জোগাবে।

