ভোট হিংসায় অভিযুক্ত পুলিশকর্তাদের তালিকা তলব করল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
বঙ্গে দুই দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নজিরবিহীন পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। ২০২১ ও ২০২৪ সালের ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের তালিকা তলব করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি ও কমিশনারদের এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত হিংসা-কবলিত এলাকার থানাগুলোতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতেই এই তৎপরতা।
ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক ও পুলিশ স্তরে বড়সড় রদবদল ঘটিয়েছে কমিশন। রাতেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন মুখ্যসচিব হিসেবে ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব পদে ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে। আজ দুপুর ৩টের মধ্যেই তাঁদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক রদবদলের পাশাপাশি পুলিশের শীর্ষস্তরেও বদলের ইঙ্গিত মিলেছে। সোমবার বিকেলের মধ্যে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার নগরপাল পদেও পরিবর্তন আসতে পারে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশন এমন কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কমিশনের এই ‘ডেডলাইন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

