মগরাহাটে চরম উত্তেজনা নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুর
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ভোটার তালিকা সংশোধনের শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এস মুরগানের গাড়ি লক্ষ্য করে হামলা চালালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানির নামে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে চরম হেনস্থা করা হচ্ছে। ক্ষুব্ধ জনতা পর্যবেক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির লক ভেঙে দেয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে ব্যাপক হিমশিম খেতে হয়।
বিক্ষোভকারীদের দাবি, বয়স্ক ও প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে শুনানি না করে কেন কেন্দ্রে ডেকে হয়রানি করা হচ্ছে। সিরাকল হাইস্কুলের এই কেন্দ্রে শুনানি তদারক করতে গিয়েই মহিলাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন মুরগান। গ্রামবাসীরা ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতেও সরব হন। শেষ পর্যন্ত পুলিশি পাহারায় পর্যবেক্ষককে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

