লেটেস্ট নিউজ

মঙ্গলবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ, শমীক ও শুভেন্দুর নেতৃত্বে রণকৌশল স্থির – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ ও বিভিন্ন ভাতা ঘোষণার পর পাল্টা চাপে রয়েছে গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে ইতিপূর্বেই ১৫৫টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং বাকি ১৩৯টি আসন নিয়ে সোমবার পুনরায় বৈঠক হবে। মঙ্গলবারই বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট নেতাদের আসন প্রায় নিশ্চিত। তবে খড়গপুরের বিধায়ক হিরণ সম্ভবত প্রার্থী তালিকায় থাকছেন না। পাহাড়ের কার্শিয়াং ও কালিম্পং নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নেতৃত্ব। এদিকে পূর্ব মেদিনীপুরের প্রার্থী নির্বাচনের পুরো বিষয়টি দেখছেন শুভেন্দু অধিকারী নিজেই, যেখানে দিব্যেন্দু অধিকারী ও শঙ্কুদেব পন্ডার নাম আলোচনায় উঠে এসেছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের দু’দফার ভোটকে স্বাগত জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ প্রদান এবং মহিলাদের মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে। শমীকের মতে, বর্তমান সরকারের ডিএ ঘোষণা কেবলই একটি রাজনৈতিক চমক। বর্তমানে নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে প্রচারের কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *