মঙ্গলে মহাবিস্ময়: নাসার রোভারে ধরা পড়ল রুবি ও নীলম সদৃশ বিরল পাথরের কণা – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলের বুক থেকে এক বৈপ্লবিক আবিষ্কারের খবর জানাল নাসার ‘পারসিভিয়ারেন্স’ রোভার। লাল গ্রহের পৃষ্ঠে এমন কিছু বিশেষ পাথরের কণা শনাক্ত করা হয়েছে, যা পৃথিবীতে রুবি ও নীলমের মতো মূল্যবান রত্ন তৈরিতে সহায়ক। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম মঙ্গলে এমন খনিজ উপাদানের অস্তিত্ব মিলল, যা বিজ্ঞানীদের রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে।
সাধারণত পৃথিবীতে টেকটোনিক প্লেটের নড়াচড়া ও প্রচণ্ড তাপের প্রভাবে এই ধরনের রত্ন তৈরি হয়। তবে মঙ্গলে কোনো টেকটোনিক প্লেট নেই। নিউ মেক্সিকোর গবেষণাগারে সংগৃহীত ছবি বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, প্রাচীনকালে মঙ্গলে বিশাল গ্রহাণুর আছড়ে পড়ার ফলে সৃষ্ট তীব্র উত্তাপ থেকেই এই ধূলিকণাগুলো রত্নের রূপ ধারণ করেছে।
টেক্সাসে আয়োজিত ‘লুনার অ্যান্ড প্ল্যানেটারি কনফারেন্স’-এ গবেষকরা জানান, মাত্র ০.২ মিলিমিটার আয়তনের এই কণাগুলোর গঠন পৃথিবীর মূল্যবান পাথরের মতোই। এই আবিষ্কার মঙ্গলের ভূতাত্ত্বিক রহস্য উন্মোচনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। লাল গ্রহের এই রত্নভাণ্ডার ভবিষ্যতে মহাকাশ গবেষণার সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

