মঞ্চে অভিষেকের হাতে খাম, কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীঘরে তৃণমূল নেতার দাদা! – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের জলঙ্গি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এক মহিলার কান্নভেজা আর্তনাদ ও লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন। মাদ্রাসার এক শিক্ষককে ঘরে আটকে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগে অভিযুক্ত আনারুল আলমকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সভামঞ্চে অভিযোগকারিণী তৌহিদা রহমানের আকুতি শোনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত।
গত ছয় দিন ধরে অধরা থাকার পর বৃহস্পতিবার গ্রেফতার হওয়া আনারুলকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। স্থানীয় যুব তৃণমূল সভাপতির দাদা হিসেবে পরিচিত অভিযুক্তের এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীর দাবি, পুলিশে জানিয়েও আগে কাজ হয়নি, তবে অভিষেকের হস্তক্ষেপে মিলল দ্রুত বিচার। এখন আদালত এই ঘটনায় কী রায় দেয়, সেদিকেই নজর সকলের।

