মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের শ্রমিক, বাংলায় কথা বলায় চড়াও দুষ্কৃতীরা
মধ্যপ্রদেশের সাগর জেলায় কাজ করতে গিয়ে নৃশংস হামলার শিকার হলেন মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিক সৈয়দ শেখ। অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি স্থানীয় একটি গ্রামে বাংলায় কথা বলার কারণে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা তাঁকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেয় এবং পেটে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। বর্তমানে জখম ওই যুবক সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান, আক্রান্তের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সৈয়দ শেখ কিছুটা সুস্থ হলেই তাঁকে রাজ্যে ফিরিয়ে এনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে পর্ষদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এর আগে মহারাষ্ট্রেও অনুরূপ ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। বর্তমানে মধ্যপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মালদহে আক্রান্ত শ্রমিকের পরিবার এখন তাঁর দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছে।

