মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের সংকেত ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, এই সময়ের মধ্যে ‘হরমুজ প্রণালী’ উন্মুক্ত না করলে ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে।
পাল্টা জবাবে তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের জ্বালানি বা বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তারা আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর জল বিশুদ্ধকরণ কেন্দ্র বা ‘ডেসালিনেশন প্ল্যান্ট’ ধ্বংস করে দেবে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক নজিরবিহীন সংকটের মুখে পড়তে চলেছে। সৌদি আরব, কুয়েত ও ওমানের মতো দেশগুলো তাদের পানীয় জলের ৭০ থেকে ৯০ শতাংশ এই প্ল্যান্টগুলোর ওপর নির্ভর করে।
বিশেষজ্ঞদের মতে, তেল সংকটের চেয়েও জলের সংকট অনেক বেশি ভয়ংকর। যদি এই ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টগুলোতে হামলা হয়, তবে কয়েক দিনের মধ্যেই আরব দেশগুলোর কোটি কোটি মানুষ পানীয় জলের অভাবে শহর ছাড়তে বাধ্য হবে। সিআইএ-র পুরনো এক সতর্কবার্তাতেও বলা হয়েছিল যে, এই ধরণের পরিকাঠামোয় আঘাত হানলে গোটা অঞ্চলে হাহাকার পড়ে যাবে। বর্তমানে বাহরাইন ও ইরানের কয়েকটি দ্বীপে এ জাতীয় হামলার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধ এখন কেবল সীমান্ত বা তেলের মধ্যে সীমাবদ্ধ নেই, তা সরাসরি মানুষের জীবনধারণের প্রধান রসদ জলের ওপর আছড়ে পড়তে চলেছে।

