মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা! মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল বৃষ্টি – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার সকালে ইজরায়েলি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা গর্জে উঠল ইরান। তেহরানের দাবি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইজরায়েলের বেশ কিছু এলাকাতেও ইরানি মিসাইল আঘাত হেনেছে বলে খবর।
এই চরম উত্তেজনার আবহে ইরানের বিদেশমন্ত্রক জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো বিদেশি আগ্রাসনের ‘নির্মম’ জবাব দেবে। ইতিমিধ্যেই বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে তেহরান।
অন্যদিকে এক ভিডিও বার্তায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইরানে ‘সন্ত্রাসবাদী শাসনের অবসান’ ঘটাতেই এই যৌথ অভিযান শুরু হয়েছে। খামেনি সরকারের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে মানবতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। দুপক্ষের এই অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন পূর্ণমাত্রার যুদ্ধের ছায়া।

