লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: ইরান সংঘাতের আবহে ৩৫০০ মার্কিন সেনা মোতায়েন পেন্টাগনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা প্রশমনে কূটনীতি ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে ওয়াশিংটন। ইউএস সেন্ট্রাল কমান্ডের নির্দেশে ইতিমধ্যে ইউএসএস ট্রিপোলি যুদ্ধজাহাজসহ ৩,৫০০-এর বেশি মেরিন সেনা নির্দিষ্ট অপারেশনাল জোনে পৌঁছেছে। অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট সজ্জিত এই বাহিনী জাপানের ঘাঁটি থেকে সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হন। পাশাপাশি, কৌশলগত হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ইজরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা এই আঞ্চলিক সংকটকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জনের কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় এবং সার্বভৌমত্বের পাল্টা দাবি তোলায় কূটনৈতিক পথ কার্যত রুদ্ধ। বাব এল-মান্দেব ও সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো বর্তমানে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *