লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তুঙ্গে উত্তেজনা, ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সংঘাতের জেরে উত্তাল বিশ্ব রাজনীতি। এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের আকাশপথেও। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। দেশের সমস্ত বড় আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘অ্যালার্ট মোডে’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের জরুরি পদক্ষেপ ও মন্ত্রীর বৈঠক

দিল্লিতে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI), ডিজিসিএ (DGCA) এবং বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিকল্প রুট, জরুরি ল্যান্ডিং এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিস্থিতি জটিল হলে বিদেশি বিমান ভারতে জরুরি অবতরণ করতে পারে, সেই কথা মাথায় রেখে গ্রাউন্ড হ্যান্ডলিং ও পার্কিং বে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাতিল হচ্ছে একাধিক উড়ান

ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো সংস্থাগুলো মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ইজরায়েলের তেল আভিভগামী একটি বিমানকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান সংস্থাগুলো।

যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে বিমানের রুট পরিবর্তন করা হতে পারে। বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখছে বিমান মন্ত্রক। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যেন তারা অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের থেকে ফ্লাইটের বর্তমান স্থিতি যাচাই করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *