মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতিতে অক্ষয় কুমারের উদ্বেগ, চাইলেন শান্তি ও প্রার্থনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা ভারতের অর্থনীতিতেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা দিয়ে সরব হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার।
মুম্বইয়ের একটি রিয়ালিটি শো-তে অংশ নিয়ে অক্ষয় জানান, বর্তমান বিশ্বে হানাহানি ও দুর্ভোগের যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে তিনি অত্যন্ত চিন্তিত। অভিনেতা আমজনতার উদ্দেশ্যে বলেন, প্রতি রাতে ঘুমানোর আগে নিজের পরিবার ও দেশের নিরাপত্তার জন্য প্রার্থনা করা জরুরি। বিশ্বশান্তি বজায় রাখতে আধ্যাত্মিক ও মানসিক সংহতির ওপর জোর দিয়েছেন তিনি।
সম্প্রতি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুদ্ধ নয়, বরং কূটনীতি ও আলোচনার মাধ্যমে শান্তির পথে হাঁটার বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে অক্ষয় কুমার স্পষ্ট করেন যে, মানবকল্যাণের স্বার্থে সংঘাত বন্ধ হওয়া প্রয়োজন। বর্তমানে পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধ ও জ্বালানি সংকট সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপন্ন করে তুলেছে।

