মধ্যপ্রাচ্যে সংঘাত: সোনা ও ডলারকে ছাপিয়ে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় বিটকয়েন – এবেলা
এবেলা ডেস্কঃ
আরব দুনিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ববাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং শেয়ারবাজারের ক্রমাগত ওঠানামার ফলে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। প্রথাগতভাবে সোনা বা মার্কিন ডলারকে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হলেও, সাম্প্রতিক সংকটে বিটকয়েন সবাইকে চমকে দিয়েছে। বিশ্ববাজারে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির দাম ৭২ হাজার ডলার ছাড়িয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিটকয়েন কোনো ব্যাংক বা সরকারি নিয়ন্ত্রণে না থাকায় সংকটের সময়ে এটি দ্রুত ও সহজে স্থানান্তর করা সম্ভব। এই গতিশীলতাই বিনিয়োগকারীদের বিকল্প ‘সেফ হেভেন’ হিসেবে আকৃষ্ট করছে। অন্যদিকে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা তুলনামূলকভাবে কমেছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির আশঙ্কায় মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার না কমানোর সম্ভাবনা তৈরি হওয়ায় সোনার প্রতি আকর্ষণ কিছুটা হ্রাস পেয়েছে।
তবে বিটকয়েনের এই উত্থান সত্ত্বেও অনেক বিশেষজ্ঞ একে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে সোনার সমতুল্য মানতে নারাজ। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও রিজার্ভের জন্য সোনার ওপরই ভরসা রাখছে। সব মিলিয়ে ইরান যুদ্ধের আবহে বিশ্ব বিনিয়োগের ধরনে এক বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। বিটকয়েন শেষ পর্যন্ত সোনার মতো নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে বাজার বিশ্লেষকদের মধ্যে এখনও বিতর্ক ও সংশয় বজায় রয়েছে।

.jpg.webp?ssl=1)