লেটেস্ট নিউজ

মধ্যমগ্রামের হোমে তালা ভেঙে পলাতক ১০ জন আবাসিক, নেপথ্যে অব্যবস্থার ক্ষোভ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলা এলাকায় একটি হোমের তালা ভেঙে ১০ জন আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতকদের মধ্যে ৭ জন বাংলাদেশি মহিলা, ২ জন নাবালিকা এবং এ রাজ্যের ১ জন বাসিন্দা ছিলেন। সোমবার গভীর রাতে হোমের গেটের তালা ভেঙে পালানোর সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও তাঁদের আটকানো সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়েই মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। রাতেই গঙ্গানগর কাটাখাল-সহ সংলগ্ন এলাকা থেকে ১০ জন আবাসিককেই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, বিদেশি নাগরিক বা সিডব্লিউসি-র মাধ্যমে এই হোমে আবাসিকদের পাঠানো হতো। এই গণপলায়নের ঘটনায় সংশ্লিষ্ট হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ সূত্রের খবর, হোম কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আবাসিকদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যা থেকে এই পলায়নের পরিকল্পনা। বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। নিরাপত্তার ত্রুটি এবং আবাসিকদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *