মধ্যরাতে ভবানীপুরে ধুন্ধুমার কাণ্ড, সরাসরি পুলিশ কমিশনারকে ফোন শুভেন্দুর! কী এমন ঘটল? – এবেলা
এবেলা ডেস্কঃ
দ্য ওয়াল ব্যুরো: ভোটের উত্তাপের মাঝেই বুধবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল ভবানীপুর। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, খোদ রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে মাঝরাতে ছুটতে হয় ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে সশরীরে হাজির হয়ে সরাসরি ফোন করেন কলকাতা পুলিশের কমিশনারকে।
ঘটনার সূত্রপাত আলিপুর থানার অরফানগঞ্জ রোড এলাকায়। সেখানে শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্যাম্প তৈরির কাজ চলছিল। অভিযোগ, ক্যাম্পের জন্য বাঁশ বোঝাই একটি গাড়ি নিয়ে যাওয়ার সময় আলিপুর চিড়িয়াখানার কাছে পুলিশ সেটিকে আটকে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই উত্তেজনার সৃষ্টি করে। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছান শুভেন্দু অধিকারী। তিনি ঘটনাস্থল থেকেই পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) বিষয়টি জানান। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস মেলার পর এবং আটকে থাকা গাড়িটি ছেড়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই এলাকা ছাড়েন বিজেপি নেতা।

