মনীষীদের নাম নিয়ে বারবার বিপত্তি, দিল্লির নেতাদের জন্য এবার ‘গৃহশিক্ষক’ নিয়োগ করছে বঙ্গ বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ‘বঙ্কিমদা’ থেকে ‘রবীন্দ্রনাথ সানিয়াল’, কিংবা ‘নেতাজি সুভাষ প্যালেস’— বাংলার মনীষীদের নাম ও পদবি নিয়ে দিল্লির বিজেপি নেতাদের লাগাতার ভুল উচ্চারণে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। বারবার এই ধরনের হোঁচট খাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে গেরুয়া শিবিরকে, যা শিক্ষিত বাঙালি ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। এই অস্বস্তি কাটাতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভাবমূর্তি শুধরতে এবার বিশেষ উদ্যোগ নিল বঙ্গ বিজেপি।
দিল্লির কেন্দ্রীয় নেতাদের বাংলার সংস্কৃতি ও মনীষীদের সম্পর্কে সঠিক পাঠ দিতে দু’জন রাজ্য নেতাকে ‘গৃহশিক্ষক’ হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রধান কাজ হবে ভিনরাজ্যের বক্তাদের মনীষীদের নামের সঠিক উচ্চারণ শেখানো এবং বাংলার ইতিহাস নিয়ে ‘হোমটাস্ক’ করানো।
যেসব ভুলে অস্বস্তি বেড়েছে:
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ এবং পুলিনবিহারী দাসকে ‘পুলিনবিকাশ দাস’ বলে সম্বোধন করেন।
- সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উচ্চারণ করেছেন ‘বঙ্কিমদাস চ্যাটার্জি’।
- অমিত শাহর মুখে কবিগুরু হয়েছেন ‘রবীন্দ্রনাথ সানিয়াল’।
- কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য মোহন বাগান ও ইস্ট বেঙ্গল ক্লাবকে ‘বেগুন’ বলে উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন।
বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র নাম নয়, কোন জেলায় কোন মনীষীর জন্ম, কোন জেলা কিসের জন্য বিখ্যাত এবং স্থানীয় মন্দিরের ইতিহাস— সবকিছুর একটি পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হচ্ছে দিল্লিতে। যাতে জনসভায় ভাষণ দেওয়ার সময় ভিনরাজ্যের নেতারা কোনো ভুল তথ্য বা বিকৃত উচ্চারণ না করেন।
রাজ্য বিজেপির এক নেতার কথায়, “আগেও ব্রিফিং করা হতো, কিন্তু এবার আরও গুরুত্ব দিয়ে হোমটাস্ক করানো হচ্ছে। আমাদের লক্ষ্য, কেন্দ্রীয় নেতারা যাতে বাংলার আবেগকে সঠিকভাবে স্পর্শ করতে পারেন।” নির্বাচনের আগে দিল্লির নেতাদের এই ‘বাংলা ক্লাস’ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।

