মনীষীদের মূর্তির সামনে অশালীন নাচ! মন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে তোলপাড় সবং – এবেলা
এবেলা ডেস্কঃ
December 24, 202511:31 am
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানিতে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের মূর্তির সামনে চটুল নাচের ভিডিও ভাইরাল হতেই চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল ও নেতাজির মতো বরেণ্য ব্যক্তিত্বদের মূর্তির সামনে কুরুচিকর অঙ্গভঙ্গিতে রিলস তৈরি করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনাকে জাতীয় বীরদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া দ্রুত কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। মূর্তি সংলগ্ন এলাকায় ভিডিও শ্যুটিং নিষিদ্ধ করে সতর্কতামূলক নোটিশ টাঙানো হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে এমন অসংযত আচরণ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সামাজিক ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াইয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

