মনোজ বাজপেয়ীর নতুন ছবির নামে কোপ! শীর্ষ আদালতের কড়া নির্দেশে বিপাকে নির্মাতারা
ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ও নীরজ পাণ্ডে পরিচালিত চলচ্চিত্র ‘ঘুষখোর পণ্ডিত’। সম্প্রতি সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ছবির এই নাম পরিবর্তন না করলে এটি মুক্তি দেওয়া যাবে না। দিল্লি হাইকোর্ট ও উত্তরপ্রদেশের গণ্ডি পেরিয়ে মামলাটি শীর্ষ আদালতে পৌঁছালে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।
মহেন্দ্র চতুর্বেদী নামক এক ব্যক্তির দায়ের করা পিটিশনের ভিত্তিতে আদালত জানায়, নামের এই সংমিশ্রণটি আদর্শবিরুদ্ধ। ইতিপূর্বে সঞ্জয় লীলা বানশালির ‘রামলীলা’ বা ‘পদ্মাবত’ ছবিও একই ধরণের নামকরণের বিতর্কে পড়ে নাম বদলাতে বাধ্য হয়েছিল। সেন্সর বোর্ড ও কেন্দ্রের ছাড়পত্র না পাওয়ায় বর্তমানে ছবিটির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

