মনোনয়নে স্ত্রীর নাম কী দেবেন হিরণ? বিস্ফোরক প্রশ্ন প্রথম স্ত্রী অনিন্দিতার – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিনেতা তথা রাজনীতিবিদের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁদের মধ্যে এখনও আইনত বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়নি। এই আবহে বারাণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। অনিন্দিতার প্রশ্ন, আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রে স্ত্রীর কলামে হিরণ কার নাম উল্লেখ করবেন।
দীর্ঘদিনের দাম্পত্য কলহ এখন প্রকাশ্যে। অনিন্দিতার অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে খড়গপুরে তিনি হিরণের পাশে থেকে প্রচার করলেও, অভিনেতা সেই অবদানের কথা অস্বীকার করেছেন। এবার উলুবেড়িয়ার শ্যামপুর কেন্দ্র থেকে হিরণ লড়লেও অনিন্দিতাকে আর তাঁর পাশে দেখা যাবে না। বরং ঋতিকার সঙ্গে হিরণের সম্পর্কের ছবি প্রকাশ্যে আসায় তিনি প্রার্থীর সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এদিকে রাজনৈতিক সমীকরণেও কিছুটা কোণঠাসা তারকা প্রার্থী। নিজের পুরনো কেন্দ্র খড়গপুর হাতছাড়া হওয়ার পর এবার শ্যামপুর থেকে জয়ের লক্ষ্যে লড়ছেন হিরণ। পারিবারিক অশান্তি ও আইনি জটিলতার মাঝেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রচার চালাচ্ছেন। তবে মনোনয়নপত্রের নথিতে বৈবাহিক স্থিতিতে তিনি কী তথ্য প্রদান করেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

