মন্ত্রীদের অনুপস্থিতি ও অসহযোগিতা, কর্ণাটক বিধানসভায় স্পিকারের নজিরবিহীন ওয়াকআউট – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্ণাটক বিধানসভায় তৈরি হলো এক চরম সাংবিধানিক নজিরবিহীন পরিস্থিতি। বারবার সতর্ক করা সত্ত্বেও অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি এবং বিধায়কদের প্রশ্নের উত্তর না দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সভা থেকে ওয়াকআউট করলেন খোদ স্পিকার ইউটি খাদড়। এরপরই তিনি অনির্দিষ্টকালের জন্য বিধানসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সংসদীয় ইতিহাসে স্পিকারের এভাবে সভা ত্যাগ করার ঘটনা অত্যন্ত বিরল।
ঘটনার সূত্রপাত হয় সোমবার যখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ২৩০টি প্রশ্নের মধ্যে মাত্র ৮৪টি লিখিত জবাব পেশ করেন। বিগত কয়েক বছর ধরে ঝুলে থাকা প্রশ্নের উত্তর না মেলায় বিরোধী দলনেতা আর অশোকা সরকারের দায়সাড়া মনোভাবের তীব্র সমালোচনা করেন। স্পিকার জানান, এর আগেও তিনি চারবার মন্ত্রীদের সতর্ক করেছিলেন, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
সরকারের পক্ষ থেকে সদুত্তর না মেলায় এবং সভার মর্যাদা লঙ্ঘিত হওয়ায় স্পিকার চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান, বিধানসভাকে এভাবে অবজ্ঞা করা হলে তাঁর পক্ষে সভা পরিচালনা করা সম্ভব নয়। স্পিকারের এই কঠোর অবস্থান এবং ওয়াকআউটের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে, যা সরকারের জবাবদিহিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে ধরল।

