মমতাকে কি ফের শুভেন্দুর মুখোমুখি করবেন সুকান্ত? বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বড় ইঙ্গিত – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ফের শুভেন্দু অধিকারীকেই তুরুপের তাস করতে চলেছে বিজেপি? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাম্প্রতিক এক মন্তব্যে এই জল্পনা এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী যদি ফের নন্দীগ্রাম বা তার পার্শ্ববর্তী কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে বিজেপির রণকৌশল কী হবে, তা নিয়ে মুখ খুললেন সুকান্ত।
সুকান্ত মজুমদার সাফ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকেই প্রার্থী হোন না কেন, লড়াইয়ের ময়দানে বিজেপি প্রস্তুত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যদি বিধানসভা নির্বাচনে এখান থেকে দাঁড়ান, তবে আমাদের দলের শীর্ষ নেতৃত্বই প্রার্থী ঠিক করবে। দল যদি মনে করে শুভেন্দুদা এখানে সবথেকে যোগ্য মুখ, তবে তিনিই লড়বেন।”
তবে শুধু শুভেন্দু অধিকারী নন, সুকান্তর দাবি বিজেপির সাধারণ কর্মীরাও মমতাকে পরাজিত করার ক্ষমতা রাখেন। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “শুভেন্দুদা লড়ুন বা অন্য কেউ, এমনকি আমাদের বুথ স্তরের মণ্ডল সভাপতি দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। এবার আমরা ওঁকে সসম্মানে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাব।”
বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই সুকান্ত মজুমদারের এই আক্রমণাত্মক মেজাজ এবং শুভেন্দুর প্রার্থী হওয়া নিয়ে দেওয়া ইঙ্গিত বাংলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। ২০২১-এর নন্দীগ্রামের লড়াইয়ের পুনরাবৃত্তি হবে কি না, এখন সেটাই দেখার।

