লেটেস্ট নিউজ

মমতাকে ফের নন্দীগ্রামে লড়াইয়ের চ্যালেঞ্জ শুভেন্দুর, ‘এবার হারবেন ২০ হাজারে’ – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রামের মাটি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবির ঘিরে তৃণমূলের তৎপরতা, অন্যদিকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারীর বিশাল শোভাযাত্রা— সব মিলিয়ে সরগরম এই হাইভোল্টেজ কেন্দ্র।

তৃণমূলের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এক্স হ্যান্ডেলে এই শিবিরের সাফল্যের দাবি করছেন, তখন শুভেন্দু অধিকারীর পাল্টা হুঙ্কার, “ভুল জায়গায় হাত দিয়েছেন।” তাঁর দাবি, তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখান থেকে পরাজিত হয়ে ফিরেছেন, তাই অন্য কিছুতে আর কাজ হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রামে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন, “আমি চাই উনি আবার আসুক। আগের বার ১৯৫৬ ভোটে হেরেছিলেন, এবার নন্দীগ্রামের মানুষ তার পাশে আরও একটা শূন্য বসিয়ে ২০ হাজার ভোটে হারিয়ে ফেরত পাঠাবে।”

অন্যদিকে, তৃণমূলের দাবি নন্দীগ্রামের সাধারণ মানুষ যেভাবে তাদের স্বাস্থ্য শিবিরে সাড়া দিচ্ছেন, তা মানুষের আস্থারই প্রতিফলন। ৩১ জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন অভিষেক। ভোটমুখী বাংলায় নন্দীগ্রামের এই রাজনৈতিক লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *