মমতাকে হারানো আসাম্ভব, কমিশনের ভূমিকা নিয়ে সরব রাউত ও ওমর আবদুল্লা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শুক্রবার নয়াদিল্লিতে সঞ্জয় রাউত দাবি করেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভালো করেই জানেন যে বাংলায় মমতাকে হারানো কেবল কঠিন নয়, বরং আসাম্ভব। পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিসহ প্রায় ৫০ জন শীর্ষস্থানীয় আইএএস ও আইপিএস অফিসারের সাম্প্রতিক রদবদল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাউত। তাঁর মতে, সরাসরি রাজনৈতিক লড়াইয়ে জিততে ব্যর্থ হয়েই কমিশনকে হাতিয়ার করে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে প্রশাসনের রদবদল ঘটিয়ে তৃণমূল নেত্রীর জনসমর্থনে চিড় ধরানো যাবে না এবং বাংলার মানুষ তাঁর পাশেই রয়েছেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে সমর্থন জানিয়ে ওমর আবদুল্লা বলেন, নির্বাচনের আগে ঢালাও বদলির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সম্পূর্ণ ন্যায়সঙ্গত। কেন্দ্রীয় হস্তক্ষেপ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে বলে তিনি আশাপ্রকাশ করেন। বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ কৌশলের সমালোচনা করে বিরোধী শিবিরের এই দুই নেতা আত্মবিশ্বাসের সাথে জানান যে, ভোটের ফলাফলই সব ষড়যন্ত্রের জবাব দেবে।

