মমতার কৃষি মডেলে মুগ্ধ কেন্দ্র! বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলে অন্য রাজ্যকে বাংলা অনুসরণের পরামর্শ শিবরাজের – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখে মমতার সরকারের ভূয়সী প্রশংসা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিমবঙ্গ ৮৬ শতাংশ কাজ সম্পন্ন করায় বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে রাজ্যের কৃষি দফতরের কাজের নজিরবিহীন প্রশংসা করেন তিনি। দিল্লি থেকে আয়োজিত এই বৈঠকে বাংলাকে ‘মডেল’ হিসেবে তুলে ধরে অন্যান্য রাজ্যগুলিকেও পশ্চিমবঙ্গকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যোজনার প্রথম কিস্তির বরাদ্দকৃত অর্থ ইতিমধ্যেই খরচ করেছে রাজ্য সরকার। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ২২০ কোটি ৩৫ লক্ষ এবং কৃষন্তি যোজনায় ১২৬ কোটি ২৫ লক্ষ টাকা ব্যবহারের পর এবার দ্বিতীয় কিস্তির জন্য নতুন প্রস্তাব পাঠানো হয়েছে কৃষি মন্ত্রকে। কেন্দ্রের এই ইতিবাচক মূল্যায়ন ও আর্থিক সহযোগিতা রাজ্যের কৃষি উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

