মমতার ফোনে গলল অভিমান, তৃণমূলের হয়েই ময়দানে নামছেন খগেশ্বর রায় – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির রাজগঞ্জ আসনে টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়া চারবারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের মানভঞ্জন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনেই। প্রার্থী তালিকায় নাম না থাকায় মঙ্গলবারই দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এই প্রবীণ নেতা। তবে খোদ দলনেত্রীর আশ্বাসে সুর নরম করে তিনি স্পষ্ট জানিয়েছেন, আবেগতাড়িত হয়ে পদত্যাগের কথা বললেও তিনি দলেই থাকছেন এবং তৃণমূল প্রার্থীর হয়েই প্রচার করবেন।
২০০৯ সাল থেকে টানা জয়ী এই বিধায়ককে সরিয়ে এবার রাজগঞ্জে এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ খগেশ্বর প্রথমে অর্থের বিনিময়ে টিকিট বিক্রির গুরুতর অভিযোগ তুললেও মমতার ফোনের পর সেই অবস্থান থেকে সরে এসেছেন। তিনি জানান, দিদির সঙ্গে কথা বলে তিনি অভিভূত এবং দলের স্বার্থে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।
তৃণমূল নেত্রী আগেই জানিয়েছিলেন, বাদ পড়া বিধায়কদের দলের অন্য গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে। খগেশ্বরের এই প্রত্যাবর্তনে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে স্বস্তি ফিরল শাসক শিবিরে। দলীয় প্রার্থীর পাশে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার করে এই বর্ষীয়ান নেতা আপাতত সব জল্পনার অবসান ঘটালেন। নির্বাচনের মুখে এই কোন্দল মিটে যাওয়া জলপাইগুড়িতে তৃণমূলের শক্তি বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

