লেটেস্ট নিউজ

মমতার রাজনৈতিক লড়াইয়ের ঐতিহাসিক সঙ্গী ফেলানি বসাকের প্রয়াণ

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম মোড় ঘোরানো আন্দোলনের নেপথ্য মুখ ফেলানি বসাক প্রয়াত হয়েছেন। সোমবার নদীয়ার ফুলিয়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সোমবার রাতেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন এবং দলের পক্ষ থেকে শেষকৃত্যের দায়িত্ব গ্রহণ করা হয়।

১৯৯৩ সালে ফেলানি বসাকের মূক ও বধির মেয়ের ওপর হওয়া অত্যাচারের বিচার চেয়েই রাইটার্স অভিযানে শামিল হয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা। জ্যোতি বসুর সরকারের বিরুদ্ধে সেই লড়াই পরবর্তীতে এক বিশাল গণআন্দোলনের রূপ নেয়, যা বাংলার রাজনীতির ইতিহাস বদলে দিয়েছিল। সিঙ্গুরসহ বিভিন্ন সময়ে মমতার পাশে প্রথম সারিতে দেখা গিয়েছিল এই বৃদ্ধাকে।

তবে সারা জীবন লড়াই করলেও নিজের মেয়ের জন্য বিচার পাননি ফেলানি। ২০০৯ সালে তাঁর মেয়ের মৃত্যু হয় এবং শেষ জীবনে চরম অর্থকষ্টের মধ্যেই সুতো কেটে দিন গুজরান করতেন তিনি। অত্যন্ত অসুস্থ অবস্থাতেও তাঁর শেষ ইচ্ছা ছিল একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা। তাঁর মৃত্যুতে একটি দীর্ঘ লড়াইয়ের অধ্যায়ের অবসান ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *