লেটেস্ট নিউজ

মমতার সুরে শশী তারুর! বনধ-রাজনীতিকে তোপ দেগে কেরল সাংসদ যা বললেন

দেশজুড়ে বাম শ্রমিক সংগঠনগুলোর ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটকে ‘কর্মনাশা’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কলকাতায় পড়াশোনা করা তারুর স্পষ্ট জানান, ধর্মঘটের নামে সাধারণ মানুষের পথ আটকানো বা জোর করে দোকানপাট বন্ধ করা নাগরিক স্বাধীনতার পরিপন্থী। প্রতিবাদের অধিকার থাকলেও অন্যের চলাফেরায় বাধা দেওয়ার কোনো সাংবিধানিক অধিকার কারও নেই বলে তিনি দাবি করেন।

কেরলের উদাহরণ টেনে শশী তারুর বলেন, ‘জঙ্গি ইউনিয়নবাজির’ কারণেই রাজ্য থেকে একের পর এক শিল্প বিদায় নিয়েছে। সেকেলে ও পেশি শক্তি নির্ভর এই আন্দোলন তরুণ প্রজন্ম ও বিনিয়োগকারীদের বিমুখ করছে। রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে ঘরে বন্দি করে রাখার এই সংস্কৃতিকে ভারতের অন্যান্য অংশ অনেক আগেই বর্জন করেছে। তারুরের মতে, আধুনিক রাজ্য গড়তে গেলে শারীরিক অবরোধ নয়, বরং নৈতিক প্রতিবাদের পথ বেছে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *