লেটেস্ট নিউজ

‘মমতা মানসিকভাবে পঙ্গু’, অজিত পাওয়ারের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগে পাল্টা তোপ বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এনডিএ জোট ছাড়ার তোড়জোড় শুরু করতেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন অজিত পাওয়ার। আর মমতার এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে।

বিজেপি নেতার সাফ কথা, “মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে প্যারালাইজড বা পঙ্গু হয়ে গিয়েছেন।” তিনি আরও যোগ করেন, একজন জনপ্রিয় নেতার মৃত্যু নিয়ে এই নোংরা রাজনীতি কাম্য নয়। তাঁর মতে, মমতার এই মন্তব্য মহারাষ্ট্রের সংস্কৃতিকে অপমান করার শামিল এবং রাজ্যের মানুষ তাঁকে এই অপরাধের জন্য ক্ষমা করবে না।

ঘটনার সূত্রপাত:

বুধবার সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ত্যাগ করতে চেয়েছিলেন বলেই এই ‘দুর্ঘটনা’। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “আমি জানি এর পিছনে আসল কারণ কী। কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত।”

মমতার এই ষড়যন্ত্রের তত্ত্বকে সরাসরি নস্যাৎ করেছেন দেবেন্দ্র ফড়নবিশও। মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের দাবি, মৃত্যু নিয়ে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র ও বাংলার সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছেন। বাওয়ানকুলের কড়া প্রতিক্রিয়া সেই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢালল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *