মহাকাশে ইতিহাস গড়ে ‘অশোকচক্র’ পাচ্ছেন শুভাংশু শুক্লা – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন সফল অভিযান শেষে ইতিহাস গড়লেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। নাসা-র অ্যাক্সিওম-৪ মিশনের সদস্য হিসেবে তিনি মহাকাশে যাওয়া দ্বিতীয় এবং আইএসএস-এ যাওয়া প্রথম ভারতীয়। প্রতিকূল পরিস্থিতিতে অসীম সাহসিকতা ও বুদ্ধিমত্তা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার ‘অশোকচক্র’ সম্মানে ভূষিত করতে চলেছেন।
লখনউয়ের বাসিন্দা শুভাংশু মহাকাশে মাইক্রোগ্রাভিটিসহ ৬০টিরও বেশি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তাঁর সংগৃহীত তথ্য ভারতের নিজস্ব ‘গগনযান’ মিশনের মহাকাশচারীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ২০০৬ সালে বিমান বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন, যা দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

