লেটেস্ট নিউজ

মহারাষ্ট্রে দৃশ্যম স্টাইলের হত্যাকাণ্ড, মাটি খুঁড়ে উদ্ধার কলেজ শিক্ষকের দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান (এইচওডি) রাজাভাউ সুবরাও লোন্ধেকে খুনের পর তাঁর দেহ জঙ্গলে পুঁতে দেওয়া হয়েছিল। প্রায় ৪০ দিন নিখোঁজ থাকার পর তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তদের জেরা করে গেভরাই টান্ডা জঙ্গল থেকে শিক্ষকের পচাগলা দেহটি উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘দৃশ্যম’-এর কথা মনে করিয়ে দিচ্ছে।

তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত বিশাল রাঠোরের সঙ্গে লোন্ধের আর্থিক বিরোধ ছিল। সেই আক্রোশ থেকেই গত ৫ ফেব্রুয়ারি পার্টি দেওয়ার নাম করে শিক্ষককে একটি ফার্মহাউসে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে রেলওয়ে ব্রিজের কাছে তাঁকে মাথায় গুলি করে খুন করে অভিযুক্তরা। প্রমাণ লোপাট করতে খুনের তিন দিন আগেই জেসিবি দিয়ে জঙ্গলে গভীর গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। পুলিশকে বিভ্রান্ত করতে প্রথমে অভিযুক্তরা মিথ্যা তথ্য দিলেও সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন পরীক্ষা করতেই আসল সত্য সামনে আসে।

এই নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত বিশাল রাঠোর সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বিশালের শ্যালক এবং এক বন্ধুও রয়েছে। রবিবার তহসিলদারের উপস্থিতিতে জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার প্রবীণ পাওয়ারের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। ধৃতদের বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যা এবং তথ্যপ্রমাণ নষ্টের মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *