মহারাষ্ট্রে পদ্ম-ঝড়! মহাজুটির দাপটে খড়কুটোর মতো উড়ল বিরোধীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কার্যত ধুয়ে মুছে সাফ করে বড় জয়ের পথে শাসক জোট ‘মহাজুটি’। রবিবারের ভোট গণনায় দেখা যাচ্ছে, ২০০-এর বেশি আসনে একক প্রাধান্য বজায় রেখেছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত) জোট। ২৮৬টি স্থানীয় সংস্থায় হওয়া এই লড়াইয়ে ১৭২টি পুরসভা এবং ৩৪টি নগর পঞ্চায়েতে এগিয়ে থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে শাসক শিবির।
অন্যদিকে, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাডি (এমভিএ) লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬৭.৩ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৪৭.০৪ শতাংশ ভোট পড়েছিল। বেশ কিছু আসনে শাসক জোটের অন্দরে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ চললেও, সামগ্রিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির দাপটই এখন স্পষ্ট। এই বিশাল জয় রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণে শাসক জোটকে কয়েক যোজন এগিয়ে দিল।

