মহারাষ্ট্রে বাংলা বলার ‘শাস্তি’! বিজেপি শাসিত রাজ্যে পুরুলিয়ার যুবককে কুপিয়ে খুনের নৃশংস অভিযোগ
বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে সুখেন মাহাতো নামের এক বাঙালি পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা ওই যুবক পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করা হয়েছে যে, ভিন্ন রাজ্যে বাঙালিদের ‘বাংলাদেশি’ দেগে দিয়ে ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সম্প্রতি ওড়িশাতেও মালদহের তিন যুবককে বাংলাদেশি সন্দেহে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর আগেও মুম্বই ও সম্বলপুরে বাংলা বলার কারণে বাঙালি শ্রমিকদের পিটিয়ে মারার নৃশংস নজির মিলেছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। সুখেনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

