মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক: কংগ্রেসের সমর্থনে মেয়র পদে বিজেপির বিক্ষুব্ধ কাউন্সিলর – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-নিজামপুর পুরনিগমে নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। কংগ্রেস ও এনসিপি (শরদ)-এর সমর্থনে মেয়র পদে নির্বাচিত হলেন বিজেপির বিক্ষুব্ধ কাউন্সিলর নারায়ণ চৌধুরী। ৯০ আসনের এই পুরসভায় ম্যাজিক ফিগার ৪৪ হলেও, বিরোধী শিবিরের সমর্থনে নারায়ণ ৪৮টি ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, কংগ্রেসের তারিক মোমিন ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন।
বিজেপির ২২টি আসন থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণ চৌধুরীর এই জয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘোড়া কেনাবেচা এবং দলবদলের এই আবহে কংগ্রেস ও এনসিপির রণকৌশল গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত মেয়রকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থানের কথা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চ্যবন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, নারায়ণ চৌধুরীসহ যে সমস্ত কাউন্সিলর দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নির্দেশ অমান্য করে বিরোধী জোটের সহায়তায় মেয়র পদ দখল করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবেই দেখছে পদ্ম শিবির।
भिवंडी निजामपूर महानगरपालिकेच्या महापौर पदी कॉंग्रेस प्रणित सेक्युलर फ़्रंट चे मा.श्री.नारायण चौधरी यांची नियुक्ती झाल्याबद्दल त्यांचे मनःपुर्वक अभिनंदन व पुढील वाटचालीस हार्दिक शुभेच्छा!#bhiwandikar #mahanagarpalika #mahapour pic.twitter.com/SuKZcrCmJw
— Maharashtra Congress (@INCMaharashtra) February 20, 2026

