মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, এক বছরেই দুবার বাড়বে ডিএ – এবেলা
এবেলা ডেস্কঃ
অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর নিয়ে আসছে ২০২৬ সাল। নিয়ম অনুযায়ী বছরে দুবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। গত বছরের জুলাই মাসে ডিএ ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবার ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ফের ডিএ বৃদ্ধি কার্যকর হতে চলেছে। উপভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে এই হার নির্ধারিত হয়। এবারের ঘোষণায় ডিএ ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, যা কার্যকর হলে মোট ভাতার পরিমাণ ৬০-৬১ শতাংশে পৌঁছাবে।
এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। ২০২৬ সালের জানুয়ারির এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের মেয়াদের বাইরের প্রথম ঘোষণা হতে চলেছে। যদিও অষ্টম বেতন কমিশনের বর্ধিত বেতনের সুফল পেতে ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, তবুও অন্তর্বর্তী সময়ে পরপর দুবার ডিএ বৃদ্ধির সংবাদে স্বস্তিতে কর্মীরা। শীঘ্রই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

