মহিষাদলে বসন্ত উৎসবের প্রস্তুতি তুঙ্গে, ১৭তম বর্ষে লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা
শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদলে মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ১৭তম বসন্ত উৎসব। আগামী ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আসর বসবে। বুধবার প্রথাগত খুঁটি পুজোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এবারের উৎসবে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পর্যটক এবং প্রায় ৩০০ শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।
উৎসবের দিন সকাল ৭টায় ‘বৈতালিক’ ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ৮টা থেকে আম্রকুঞ্জে ধামসা-মাদলের তালে ও ভেষজ আবিরে মাতবেন দর্শনার্থীরা। আয়োজনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৭টি সেরা সাংস্কৃতিক দল অংশ নেবে। এছাড়া সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা এবং লোকসঙ্গীত ব্যান্ড ‘লালনতরী’-র বিশেষ পরিবেশনা থাকছে। অনুষ্ঠান চলাকালীন পর্যটকদের সুবিধার্থে একটি ডিজিটাল গাইড ম্যাপ এবং বাইক স্ট্যান্ডের অবস্থান জানতে কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
ঐতিহাসিক মহিষাদল শহরকে যানজটমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিশেষ সর্তকতা অবলম্বন করছে। উৎসবের আয়োজক সুব্রত চক্রবর্তী ও ভোলানাথ বিজলী জানিয়েছেন, শান্তি ও শৃঙ্খলার সাথে দোল উৎসব পালনে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের আদলে আয়োজিত এই উৎসব বর্তমানে দূর-দূরান্তের মানুষের কাছে এক অনন্য ঐতিহ্যের বার্তা বহন করছে। পর্যটকদের সুবিধার্থে যাতায়াতের পথ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

