মহুয়া-পিকে চ্যাট ফাঁস কাণ্ড: সাংবাদিককে ধরতে নয়ডায় হানা পুলিশের, তুঙ্গে রাজনৈতিক তরজা
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের ‘ব্যক্তিগত’ চ্যাট ফাঁসের অভিযোগে সাংবাদিক সুরজিৎ দাশগুপ্তের নয়ডার বাড়িতে হানা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার সাতসকালে কোনো আগাম নোটিশ ছাড়াই এই অভিযানে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতেই পুলিশ আইন ও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করছে।
মালব্যর দাবি, পুলিশ এই চ্যাটকে ‘ভুয়ো’ বললেও ‘এক্স’ প্ল্যাটফর্মকে দেওয়া চিঠিতে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, সাত বছরের কম সাজার ক্ষেত্রে আইনি নোটিশ না দিয়ে কেন তড়িঘড়ি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে? জনস্বার্থের চেয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের ইচ্ছা পূরণে পুলিশ বেশি সক্রিয় বলেও কটাক্ষ করেন তিনি। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাক্স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

