মাঝগঙ্গায় ক্রুজে হঠাৎ জঙ্গিহানা! গুলির লড়াই শেষে পর্যটকদের যেভাবে বাঁচালো কম্যান্ডোরা
সাতসকালে মাঝগঙ্গায় পর্যটকবাহী ক্রুজে আকস্মিক জঙ্গিহানায় তৈরি হয় তীব্র আতঙ্ক। জঙ্গিরা ক্রুজের যাত্রীদের পণবন্দি করলে দ্রুত খবর পৌঁছায় লালবাজারে। পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষণাৎ অভিযানে নামে কলকাতা পুলিশের কমান্ডো বাহিনী ও কেন্দ্রীয় সংস্থা এনএসজি। মূলত জলপথে নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে এবং যেকোনো নাশকতামূলক হামলা রুখতে যৌথভাবে এই রুদ্ধশ্বাস মহড়ার আয়োজন করা হয়েছিল।
এনএসজি-র একটি দল প্রতীকী জঙ্গি সেজে হামলা চালালে কমান্ডোরা দ্রুত জলযানটি ঘিরে ফেলে। দুপক্ষের গোলাগুলির পর অত্যন্ত নিপুণভাবে ‘জঙ্গি’দের কাবু করে পণবন্দি পর্যটকদের উদ্ধার করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মেট্রো স্টেশনের পর এবার গঙ্গার বুকে নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে প্রশাসন।

