মাঝরাতে পাটুলিতে তরুণীর শ্লীলতাহানি! পালানোর আগেই ৪ যুবককে খাঁচায় পুরল পুলিশ
কলকাতার পাটুলি মোড়ে বুধবার গভীর রাতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। অভিযোগ, রাত ১২টা নাগাদ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে লক্ষ্য করে প্রথমে অশ্লীল অঙ্গিভঙ্গি এবং পরে তাঁর গায়ে হাত দিয়ে টানাটানি করা হয়। ঘটনার আকস্মিকতায় তরুণী চিৎকার শুরু করলে স্থানীয় টহলরত পুলিশ ভ্যান দ্রুত এগিয়ে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয়।
পুলিশকে দেখেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দেবাংশু দাস, পল্লবকুমার হালদার, শুভজিৎ মণ্ডল ও সুমন দাস নামের চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা এবং তাঁদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।

