মাঝরাস্তায় বিশাল গহ্বর! সাংহাইয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ল জনবহুল পথ, সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন
চিনের সাংহাই শহরের মিনহাং জেলায় কিক্সিন ও লি’আন রোডের সংযোগস্থলে এক ভয়াবহ ধসে তৈরি হয়েছে বিশাল সিঙ্কহোল। নির্মীয়মাণ জিয়ামিন মেট্রো লাইনের কাজ চলাকালীন ভূগর্ভস্থ জল লিক ও মাটির ক্ষয়ের জেরে মুহূর্তের মধ্যে রাস্তার একটি বড় অংশ তাসের ঘরের মতো ধসে পড়ে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর গর্তটি রাস্তার বিশাল অংশ গিলে নিচ্ছে।
মেট্রো স্টেশনের জন্য খননকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটলেও, সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর মেলেনি। কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। স্থানীয় প্রশাসন এলাকাটি ঘিরে ফেলে যান চলাচল ঘুরিয়ে দিয়েছে। সাংহাইয়ের নরম পলিমাটি ও দ্রুত নগরায়নের ফলে এমন ধস আগেও দেখা গিয়েছে। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও রাস্তা মেরামতির প্রস্তুতি শুরু হয়েছে।

