লেটেস্ট নিউজ

মাঝ আকাশে কালবৈশাখীর তাণ্ডব! অল্পের জন্য রক্ষা পেল অমিত শাহের বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা বিমানবন্দরে নামার ঠিক আগেই প্রকৃতির রোষের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে তাঁর বিমান যখন কলকাতার আকাশসীমায় পৌঁছায়, তখনই শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড়। আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে টানা ৫৫ মিনিট মাঝ আকাশেই চক্কর কাটতে থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান।

বিএসএফের বিশেষ বিমানের বদলে এবার একটি ছোট বেসরকারি বিমানে চড়ে কলকাতায় আসছিলেন শাহ। ছোট বিমান হওয়ায় ঝোড়ো হাওয়ার দাপটে অবতরণ করা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এক সময় বিমানটি কৃষ্ণনগরের ওপর দিয়ে ঘুরে আসতে বাধ্য হয়। শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিট নাগাদ এটি নিরাপদে রানওয়ে স্পর্শ করলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যরা।

উল্লেখ্য, কয়েক দিন আগেই প্রায় একই রকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিমানও খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কেটেছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬০-৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার ফলে জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ দুপুরে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *