লেটেস্ট নিউজ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা, বারাণসীতে গ্রেপ্তার যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ইন্ডিগো ৬ই-১৮৫ বিমানে মাঝ আকাশে এক যাত্রীর বিপজ্জনক আচরণে তীব্র আতঙ্ক ছড়াল। উড্ডয়নের কিছুক্ষণ পর এবং অবতরণের মাত্র কয়েক মিনিট আগে উত্তরপ্রদেশের মাউ জেলার বাসিন্দা মোহাম্মদ আদনান দুইবার বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করেন। দ্বিতীয়বার যখন তিনি এই কাণ্ড ঘটান, তখন বিমানটি মাটি থেকে মাত্র ৫০০ ফুট উঁচুতে ছিল। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট দ্রুত অবতরণ স্থগিত করেন এবং কিছুক্ষণ পর রাত ১০টা ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে ল্যান্ড করে।

বিপজ্জনক এই আচরণের পর অভিযুক্ত যুবককে তাৎক্ষণিকভাবে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি অদ্ভুত দাবি করেন। আদনানের দাবি, বিমানে থাকাকালীন তার ওপর ‘ভূতে ভর’ করেছিল, যার ফলে তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে পুলিশি জেরায় তিনি আবার জানান যে, গোয়া থেকে ফেরার পথে অসাবধানতাবশত তিনি হ্যান্ডেলটি টেনেছিলেন এবং সেটি যে জরুরি দরজা ছিল তা তার জানা ছিল না।

বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পুলিশ খতিয়ে দেখছে যুবকের এই দাবির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না বা তিনি মানসিকভাবে সুস্থ কি না। আপাতত তাকে পুলিশি হেফাজতে রেখে ঘটনার বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *