মাঝ আকাশে মৃত্যু ও ১৩ ঘণ্টার বিভীষিকা! লাশের সঙ্গেই লন্ডন পৌঁছলেন যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
হংকং থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েসের বিমানে টেকঅফের কিছু পরেই প্রাণ হারান এক ষাটোর্ধ্ব প্রৌঢ়া। মাঝ আকাশে এমন পরিস্থিতিতে বিমান ঘুরিয়ে না নিয়ে বরং মৃতদেহ রেখেই ১৩ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।
বিমানে যা ঘটেছিল
যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ওই নারী অসুস্থ হয়ে পড়েন। ক্রু ও যাত্রীরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে নিয়মানুযায়ী এটি মেডিকেল ইমার্জেন্সি না হওয়ায় বিমানটি গন্তব্যের দিকেই এগিয়ে যায়।
দুর্গন্ধ ও প্রটোকল আতঙ্ক
মৃতদেহটি প্রথমে বাথরুমে রাখার কথা ভাবা হলেও পরে কাপড়ে মুড়িয়ে বিমানের পেছনের গ্যালারিতে রাখা হয়। ওই অংশের ফ্লোর হিটার চালু থাকায় দ্রুত দেহে পচন ধরে এবং পুরো বিমানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আইএটিএ-র নিয়ম মেনে দেহটি চাদরে ঢেকে রাখা হয়েছিল।
তদন্ত ও শোকপ্রকাশ
লন্ডনে অবতরণের পর পুলিশ বিমানে উঠে তদন্ত শুরু করে। যাত্রীদের প্রায় ৪৫ মিনিট নিজ আসনে বসে থাকতে হয়। ব্রিটিশ এয়ারওয়েজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। পরিসংখ্যান বলছে, বিমানে এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল।

