লেটেস্ট নিউজ

মাঝ আকাশে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা! দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে চরম ভোগান্তির মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩:৩৯ মিনিটে ছোট ব্যক্তিগত বিমানে রওনা দিলেও প্রবল ঝড়-বৃষ্টির কারণে সেটি নির্দিষ্ট সময়ে দমদম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানটি নদিয়া ও উত্তর ২৪ পরগনার আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটতে বাধ্য হয়।

পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা সেরে ফেরার পথে এই প্রাকৃতিক প্রতিকূলতার সৃষ্টি হয়। বিকেল ৪টে নাগাদ অবতরণের কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির দাপটে বিমানটি আকাশে আটকে থাকে। দীর্ঘক্ষণ উৎকণ্ঠার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৫:১৮ মিনিটে বিমানটি নিরাপদে দমদম বিমানবন্দরে নামে। এই ঘটনায় বিমানবন্দর চত্বরে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আবহাওয়া দপ্তর আগে থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী দমদম, সল্টলেক ও নিউটাউন এলাকায় কালবৈশাখীর দাপট দেখা যায়। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নিরাপদ অবতরণে স্বস্তিতে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *