মাটিগাড়া-নকশালবাড়ি আসনে বড় চমক, ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বিজেপি নেতা মানবেন্দ্র
২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই শিলিগুড়ির রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রটি পুনরুদ্ধারে এবার কৌশলী চাল চালছে তৃণমূল কংগ্রেস। বিশেষ সূত্রের খবর, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির প্রভাবশালী বিজেপি সদস্য তথা আইনজীবী মানবেন্দ্র সিনহা পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। আসন্ন নির্বাচনে এই সংরক্ষিত আসনে তাকেই শাসকদলের প্রার্থী হিসেবে দেখার জল্পনা তুঙ্গে।
রাজনৈতিক মহলে গুঞ্জন, নির্বাচনী পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’ এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মানবেন্দ্রর দফায় দফায় বৈঠক হয়েছে। সম্প্রতি মেয়র গৌতম দেবের সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। এই কেন্দ্রে রাজবংশী ভোটব্যাঙ্ক একটি বড় ফ্যাক্টর, যেখানে মানবেন্দ্রর মতো লড়াকু মুখ বর্তমান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল এই দলবদলকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে কটাক্ষ করলেও মানবেন্দ্র সিনহা নিজে উন্নয়নের স্বার্থে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। ৩ লক্ষের বেশি ভোটার সংবলিত এই হাইভোল্টেজ আসনে মানবেন্দ্রর সম্ভাব্য যোগদান উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। চলতি মাসের শেষেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে।

