লেটেস্ট নিউজ

মাঠেই অশ্লীল আচরণ ও গালিগালাজ: ইতালীয় ব্যাটারের সঙ্গে বিতর্কে ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ড

ইতালির বিরুদ্ধে সহজ জয়ের দিনেও বিতর্কে জড়াল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের মঞ্চে ফুটবলের দেশ ইতালির লড়াকু পারফরম্যান্স যখন ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তখনই ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ডের কুরুচিকর আচরণ সমালোচনার ঝড় তুলেছে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ইতালির ইনিংস। ম্যাচে ৪২ রানে জয় পেলেও ফোর্ডের অশোভন আচরণে ম্লান হয়েছে ক্যারিবিয়ানদের এই সাফল্য।

ঘটনাটি ঘটে ইতালির ইনিংসের ষষ্ঠ ওভারে। ম্যাথিউ ফোর্ডের বলে মিড অফে শট মারতে গিয়ে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে বসেন ব্যাটার সৈয়দ নকভি। উইকেট পাওয়ার পরেই মেজাজ হারিয়ে নকভিকে উদ্দেশ্য করে ক্যামেরার সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন ফোর্ড। একই সঙ্গে তাঁকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়। ১৯ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে নজর কাড়লেও মাঠের এই অভদ্র আচরণে চরম ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।

মুহূর্তের মধ্যেই ফোর্ডের সেই বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের মতে, ক্রিকেটীয় পরিকাঠামোহীন একটি দেশ থেকে উঠে এসে ইতালির ক্রিকেটাররা যখন বিশ্বমঞ্চে বীরত্বের সঙ্গে লড়ছেন, তখন তাঁদের প্রতি এমন অসংবেদনশীল আচরণ মেনে নেওয়া যায় না। নেপালকে হারানো বা ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করা ইতালীয় দলের প্রতি সম্মান জানানোর পরিবর্তে ফোর্ডের এই ঔদ্ধত্যপূর্ণ মানসিকতাকে ধিক্কার জানাচ্ছে ক্রীড়ামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *